ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আন্দ্রে রাসেলের অধিনায়কত্বের অভিষেকটা এর চেয়ে স্মরণীয় আর হতে পারত না! প্রথমে বল হাতে করলেন হ্যাটট্রিক, এরপর ব্যাটিংয়ে নেমে ৪০ বলে হাঁকালেন সেঞ্চুরি!
জ্যামাইকা তালাওয়াস অধিনায়ক রাসেল পোর্ট অব স্পেনে আজ ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪৯ বলে অপরাজিত ১২১ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেছেন। তার খুনে ব্যাটিংয়ে ২২৪ রানের বড় লক্ষ্যও জ্যামাইকা পেরিয়ে গেছে অনায়াসেই। ৩ বল বাকি থাকতে ম্যাচ জিতেছে ৪ উইকেটে।
সিপিএলে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। মজার বিষয় হলো, আগের রেকর্ডটাও ছিল জ্যামাইকার, এই ত্রিনবাগোর বিপক্ষে এবং একই মাঠে! দুই বছর আগে সে ম্যাচে জ্যামাইকা ১৯২ রান তাড়ায় জিতেছিল ৭ উইকেটে।
মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিকের কীর্তি গড়লেন রাসেল। গত মাসে ওভালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপে কেন্টের হয়ে সারের বিপক্ষে প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছিলেন জো ডেনলি।
