এই রাত তোমার আমার

গানের পাশাপাশি উপস্থাপনায়ও সাবলীল অনুপমা মুক্তি। ছয় বছরেরও বেশি সময় ধরে আরটিভিতে প্রচার চলতি সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘এই রাত তোমার আমার’ নিয়মিত উপস্থাপনা করে আসছেন তিনি। প্রতি বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হয় এই অনুষ্ঠানটি। দর্শকপ্রিয় এই অনুষ্ঠানে এবার অনুপমা মুক্তির ডাকে উপস্থিত হতে যাচ্ছেন কন্ঠশিল্পী প্রতীক হাসান। গত ১৪ জুলাই অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এতে অনুপমা মুক্তির চমৎকার উপস্থাপনায় প্রতীক হাসান গেয়েছেন চোখের নজর এমনি কইরা, এই নীল মনিহার এবং যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে গানগুলো। অনুপমা মুক্তি বলেন, ‘আজ থেকে প্রায় সাত বছর আগে এই অনুষ্ঠানের উপস্থাপনা শুরু করেছিলাম। মাঝে কিছুদিন বিরতি ছিলো। আবারো এর উপস্থাপনা শুরু করেছি। এরমধ্যে আমার আমন্ত্রণে প্রতীক হাসান গান গেয়েছেন। প্রতীক খুব ভালো গান গায়। আশা করছি তার কন্ঠে গানগুলো শ্রোতা-দর্শকের ভালো লাগবে। আর একটি কথা না বললেই নয়, এই অনুষ্ঠানে অনেক পুরনো গান শিল্পীদের গাইতে হয়। যে কারণে সেই গান সম্পর্কে নতুন প্রজন্মের শ্রোতা দর্শকেরা জানতে পারেন।’ প্রতীক হাসান বলেন, ‘এই রাত তোমার আমার অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় একটি অনুষ্ঠান। আমি সময় পেলে অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি। মুক্তি আপা আমার প্রিয় একজন মানুষ, প্রিয় একজন শিল্পী। তার উপস্থাপনায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুউব ভালো লেগেছে।’ অনুপমা মুক্তি আরো জানান, শিগগিরই প্রতীকের পর্বটি আরটিভিতে প্রচার হবে। এদিকে গত ৮ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অনুপমা মুক্তি ও প্রতীকের গাওয়া ‘তুমি সাগ সাগরের ওপার হতে আমায় ডেকেছো’ গানটি দর্শকদের মধ্যে মুগ্ধতা ছড়ায়।