বলিউডের বৈষম্য নিয়ে অনেক তারকা অভিনেত্রীকেই মুখ খুলতে দেখা গেছে। অনেকে খোলামেলা মন্তব্য করে সমালোচনার শিকারও হয়েছেন। তাদের দাবি, পুরো বলিউডে নায়ক-নায়িকাদের মধ্যে বৈষম্য আছে। এক কথায় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিই এখন পুরুষনিয়ন্ত্রিত। নায়িকাদের এ দাবিকে সমর্থন জানালেন বলিউড বাদশাহ শাহরুখ খানও।
সম্প্রতি একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকার শাহরুখ বলেন, ‘একটা বিষয় আমরা এড়াতে পারি না, সেটা হচ্ছে, এই ইন্ডাস্ট্রি পুরুষনিয়ন্ত্রিত। এর পরিবর্তন হলেই আমার ভালো লাগত। এখানে বৈষম্য থাকা উচিত নয়। নারী ও পুরুষ শিল্পীদের সমান সম্মানী পাওয়া উচিত। এটা যে কেন ভিন্ন, জানি না।’
শাহরুখ আরও বলেন, নারী-পুরুষ কারও নিজেকে অতিমূল্যায়ন করা উচিত নয়। আর এ ক্ষেত্রে শিল্পী বা পরিচালক কেউ যেন বেশি পারিশ্রমিক দাবি না করেন।
সহশিল্পীদের সঙ্গে সব সময়ই সমতার পক্ষে শাহরুখ। ২০১৩ সালে তিনিই প্রথম বলেছিলেন, ছবি শুরু হওয়ার সময় অভিনেতার আগে অভিনেত্রীর নাম দেখাতে হবে। আর এ কারণেই ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে দীপিকার নামটি আগে দেখানো হয়।
শাহরুখ আরো বলেন, ‘এটা জটিল কিছু নয়। আমি সব সময়ই বিশ্বাস করি, “লেডিস ফার্স্ট”। আমি যখন কাজ শুরু করি, কয়েকজন নারী আমাকে সহায়তা করেছিলেন। তাদের মধ্যে বলতে হয় মাধুরী দীক্ষিত, জুহি চাওলা ও শ্রীদেবীদের কথা। আমাকে তারকা হতে সাহায্য করেছেন তারা। এত বছর পরও আমাকে তারকা হিসেবেই মূল্যায়ন করেন তারা। এটা আমাকে বিব্রত করে। এ জন্যই সিদ্ধান্ত নিয়েছিলাম, পর্দায় অভিনেত্রীদের নাম আমার আগে দেখাতে হবে।’
তবে বলিউডের পরিস্থিতি একটু বদলেছে। এখন আর সব ক্ষেত্রে নারী শিল্পীর সম্মানী পুরুষের থেকে কম নয়। ‘পদ্মাবত’ ছবিতে রণবীর সিং এবং শহিদ কাপুরের থেকে বেশি সম্মানী নিয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছবির জন্য তিনি নিয়েছেন ১২ কোটি রুপি।
