উচ্চপদস্থ চীনা ভিক্ষুর বিরুদ্ধে সন্ন্যাসিনীদের যৌন হয়রানির অভিযোগ

একজন উচ্চ পদস্থ চীন ভিক্ষুর বিরুদ্ধে সন্ন্যাসিনীদের যৌন হয়রানি করার ও কৌশলে তাদের নিয়ন্ত্রণ করে তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠেছে। ওই ভিক্ষুর নাম সুয়েচেং। বেইজিংয়ে লংকুয়ান প্যাগোডার মঠাধ্যক্ষের দায়িত্ব পালন করেন তিনি। তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন।

খবরে বলা হয়, সুয়েচেংয়ের বিরুদ্ধে তার প্যাগোডার অন্য দু’জন ভিক্ষু সরকারি কর্মকর্তাদের কাছে যৌনতার ওই অভিযোগ তুলেছেন। পাশাপাশি তথ্য বিকৃতির অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

যৌন হয়রানির বিরুদ্ধে ‘মি টু’ আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে। এমনকি রক্ষণশীল চীনেও এর প্রভাব বিদ্যমান। অভিযোগ ওঠছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। এর মধ্যে বহু ধর্মীয় নেতারাও রয়েছেন। বিশেষ করে ক্যাথলিক যাজক ও ভিক্ষুদের সম্প্রতি অভিযোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ওইসব ব্যক্তিদের তালিকায় নতুন করে যোগ হল সুয়েচেংয়ের নাম।

সুয়েচেং চীনের বুদ্ধিস্ট এসোসিয়েশনের প্রধান। এসোসিয়েশনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া সরকারের রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

চীন-ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবো’তে তার ১০ লক্ষাধিক অনুসারী রয়েছে। প্যাগোডার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, তারা উত্থাপিত অভিযোগ তদন্ত করবে। এ জন্য একটি তদন্ত দল গঠন করা হবে।

পোস্টে সুয়েচেংয়ের অভিযোগ অস্বীকার করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আরো বলা হয়েছে, সুয়েচেংয়ের সুনাম নষ্ট করার উদ্দেশে তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ তোলা হয়েছে।