ঈশিতার নতুন গল্প

অভিনয়ে এখন খুবই কম দেখা যায় ঈশিতাকে। নতুন করে গান নিয়ে ভাবছেন এই অভিনেত্রী। মাঝে সোহেল আরমানের কথা এবং ইবরার টিপুর সুর ও সঙ্গীতে নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন ঈশিতা। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বড় ভাইয়ের বাসায় অবস্থান করছেন। ঈশিতা জানিয়েছেন, ঈদের পর তিনি দেশে ফিরবেন। এরপর তার নতুন গানটির মিউজিক ভিডিও নিয়ে ভাববেন। অভিনয়ে এখন নিয়মিত আপনাকে দেখা যায় না কেনো? ঈশিতা বলেন, ‘আমি আমার ব্যক্তিগত কাজ নিয়ে এতো ব্যস্ত থাকি যে, ভালো স্ক্রিপ্ট পেলেই হলো না, সময়টাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তবে এটাই সত্যি আমার ভক্ত দর্শকের কথা চিন্তা করেই আমি টেলিছবি কাঠপেন্সিল এবং নাটক ঝরা পাতার দিন-এ অভিনয় করেছি।’ ‘কাঠপেন্সিল’ টেলিছবি ও ‘ঝরা পাতার দিন’ নাটকে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে ঈশিতা আরও বলেন, ‘এই টেলিছবিতে আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতার অংশের কাজ বেশ ভালোভাবে শেষ করেছি। কিন্তু তারপরও আমি দ্বিধান্বিত, কারণ ঢাকার অংশের কাজ ভালোভাবে শেষ করা হয়নি। আর নাটকে খুবই প্রস্তুতি নেয়া এবং হোম ওয়ার্ক করা একটি ইউনিট ছিলো রেদওয়ান রনির। একজন শিল্পীর কাছ থেকে নির্মাতা কী চান তা বেশ গুছিয়ে বলতে পারেন রনি। ক্যামেরায় নতুন একটি ছেলে নাজমুল কাজ করেছেন, এক কথায় তার কাজে মুগ্ধ আমি। মুলকথা হলো রনির ইউনিটের প্রত্যেকের মাথায় এটি ছিলো যে, একটি ভালো কাজ করতে হবে। আমি খুবই আশাবাদী ঝরা পাতার দিন নাটকটি নিয়ে।’