ঈদকে সামনে রেখে ঢালিউড পাড়ায় ছবি মুক্তির তোড়জোড় বেড়ে যায়। সেই সুত্রে এবার ঈদে আরেকটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। সেই সুত্র ধরে নতুন পরিচালক শামীমুল ইসলাম শামীম পরিচালিত প্রথম ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’ মুক্তি দিতে সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছেন বলে জানিয়েছেন ছবির পরিচালক।
সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি ও কায়েস আরজু।
নায়ক আরজু বলেন, ‘ সিনেমাটি ঈদে মুক্তি দিতে সকল প্রস্তুতি শেষ হয়েছে।সিনেমাটিতে দর্শক ভিন্নতা খুঁজে পাবেন। সিনেমাটির গল্প এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে দর্শক সিনেমাটি দেখে সব ধরনের বিনোদন পাবেন। আমার ছবি আগেও দেখেছেন। এই ছবিতে আমি একেবারেই নতুন একটা চরিত্র নিয়ে হাজির হচ্ছি। আশা করি সবার কাছে ভালো লাগবে।’
পরিচালক শামীমুল ইসলাম শামীম বলেন, “ ছবিটি আসন্ন ঈদে মুক্তি দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। গত কয়কে বছর ধরে ঢাকাই সিনেমায় বিগ বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। সেখানে আমার সিনেমাটাও মুক্তি পাচ্ছে। আমার এই সিনেমাটির বাজেট অনেক বেশি এবং একটা গল্প নির্ভর সিনেমা। সিনেমাটি তৈরি করতে দেড় কোটি টাকা খরচ হয়েছে।”
ছবিটি দর্শকদের কতটা চাহিদা পূরণ করতে পারবে- এমন প্রশ্নের উত্তরে পরিচালক শামীম জানান, সিনেমাটি নির্মাণ করেছি দর্শকদের চাহিদা মাথায় রেখে। সিনেমা নির্মাণের আগে দর্শকদের পছন্দ কি ?তারা কি ধরণের গল্প চায়, কেমন ছবি চায়-সেটা মাথায় রেখে আমি সিনেমাটি নির্মাণ করেছি। আমার ছবির চরিত্রগুলো গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছি।গল্প অনুযায়ী লোকেশন ব্যবহার করেছি।মেকিংটা আমি ২০২০ সালকে টার্গেট করে করেছি।
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় ও শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরী ও কায়েস ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।
