দীর্ঘদিন পর ছোট পর্দার কাজে হাত দিয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আনিসুল হকের ‘আয়েশা মঙ্গল’ উপন্যাস অবলম্বণে নির্মাণ করছেন ‘আয়েশা’। সবমিলিয়ে আসছে ঈদুল আজহায় ফারুকী এবং ভাই ব্রাদার এক্সপ্রেস হাজির হচ্ছে স্পেশাল ৭ নাটক নিয়ে।
এগুলো হল রেদওয়ান রনির পরিচালনায় ‘পাতা ঝরার দিন’, আশফাক নিপুনের পরিচালনায় ‘সোনালী ডানার চিল’, মাহমুদুল ইসলামের পরিচালনায় ‘দ্যা আর্টিষ্ট’, আব্দুল্লাহ আল মুক্তাদির ও ফাহাদ খানের পরিচালনায় ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিলো’, নাজমুল নবীন ও মাহমুদুল হাসান আদনানের পরিচালনায় ‘আজকে না হয় ভালোবাসো’ এবং মোমিন বিশ্বাস ও লোটাস মজুমদারের পরিচালনায় ‘লিটনের নিরীহ ফ্ল্যাট’।
নাটক ও টেলিফিল্মগুলো সম্পর্কে ফারুকী বলেন, ‘দীর্ঘ আট বছর পর আমি টেলিভিশনের জন্য নাটক নির্মাণে ফিরে এসেছি। আমরা সবসময়েই চাই ব্যতিক্রমী কিছু করবো। এবার ঈদে ভাই ব্রাদার এক্সপ্রেস চ্যানেল আই এর দর্শকদের জন্য যে উদ্যোগ নিয়েছে তা সবার ভালোলাগবে বলে আমাদের বিশ্বাস।’
এ আয়োজনের বিস্তারিত জানাতে ১৮ জুলাই দুপুরে চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশ এর ডিরেক্টর (বিউটি এবং পারসোনাল কেয়ার) নাফিস আনওয়ার, মোস্তফা সরয়ার ফারুকীসহ নাটকগুলোর নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।
