ঈদের সিনেমা ‘মাতাল’র পোস্টার প্রকাশ

ড্যাশিং ডিরেক্টর শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ সিনেমাটি ঈদে মুক্তি পেতে যাচ্ছে। ঈদ-উল-আজহায় মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে অন্যতম এটি। বিশেষ করে শাহীন সুমনের সিনেমা মানেই হিট। ২০১৫ সালে ঈদে মুক্তিপ্রাপ্ত এই পরিচালকের ‘লাভ ম্যারেজ’ তুমুল ব্যবসা করে।

সফল এই পরিচালক এবার নতুন গল্প, নতুন-পুরনো শিল্পীদের সমন্বয়ে নির্মাণ করেছেন মাতাল। ঈদে মুক্তির জন্য এরই মধ্যে প্রচারণা শুরু করেছে ‘মাতাল’ টিম। এবার প্রকাশ হলো সিনেমাটির প্রথম পোস্টার। সোমবার রাতে এই পোস্টার প্রকাশ করা হয়।

এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্টারটি প্রশংসিত হচ্ছে। পরিচালক শাহীন সুমন বলেন,”আমি বরাবরই দর্শকদের কথা এবং তাদের পছন্দর কথা মাথায় রেখে ছবি নির্মাণ করি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আমি আশা করছি ‘মাতাল’ দর্শকদের একটি ভালো লাগার ছবি হবে। আর অধরা নতুন হলেও খুব ভালো কাজ করেছে। আমি আশা করছি দেশীয় চলচ্চিত্রে আরও একজন সম্ভাবনাময়ী নায়িকার আগমন ঘটতে যাচ্ছে এই ছবিটির মধ্য দিয়ে। আর সাইমনও খুব ভালো অভিনয় করেছে এই ছবিটিতে। পরিচালক হিসেবে আমি দুজনের কাজেই খুবই সন্তুষ্ট। সবমিলিয়ে ইনশাআল্লাহ ‘মাতাল’ ছবিটি দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।”

সনি মুভিজ ইন্টারন্যাশনাল পরিবেশিত সিনেমা ত্রিভূজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে। কাহিনি লিখেছেন শাহীন সুমন। চিত্রনাট্য করেছেন দেলওয়ার হোসেন দিল। অভিনয় করেছেন সাইমন সাদিক, অধরা খান, শিপন, অরিন, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, জয় রাজ,শরীফসহ অনেকে। এই সিনেমার আইটেম সং এ দেখা যাবে অভিনেত্রী চমক তারাকে।