চলতি বছর ভালোবাসা দিবসে রাহাত মাহমুদের নির্দেশনায় ‘মন জুড়ে’ নাটকে অভিনয় করে একজন অভিনেত্রী হিসেবে নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে চলে আসেন তানজিন তিশা। এই নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে তার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হন দর্শকরা। আর এ নাটকে অভিনয়ের কারণে দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ায় অভিনয়ে আরো বেশি সিরিয়াস হয়ে উঠেন তিনি। যে কারণে গত ঈদেও তানজিন তিশা অভিনীত কিছু নাটক ছিল দর্শকের কাছে বেশ আলোচনায়। যে নির্মাতার নির্দেশনায় অভিনয় করে তানজিন তিশা আলোচনায় আসেন, সেই রাহাত মাহমুদেরই নির্দেশনায় ঈদের পর কাজে ফিরেছেন এ অভিনেত্রী। ঈদের পরে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। এবার রাহাত মাহমুদের নির্দেশনায় ‘নিঃশব্দে’ নামক একটি নাটকে অভিনয় করলেন। গত মঙ্গল ও বুধবার তানজিন তিশা এই নাটকের কাজে অংশ নিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, রাহাত মাহমুদের নির্দেশনায় অভিনয় করেই আমি অভিনেত্রী হিসেবে চলতি বছর সাড়া পেতে শুরু করি। তারই নির্দেশনায় আবার ঈদের পর কাজ শুরু করেছি। গল্পটা ভালো। সব মিলিয়ে কাজটিও বেশ ভালো হয়েছে। এতে আমার বিপরীতে আছেন সজল ভাই। তিনি সবসময়ই সহযোগিতাপরায়ণ। রাহাত মাহমুদ জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে গেল ঈদে তানজিন তিশা অভিনীত যে নাটকগুলোতে তার অভিনয় সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে সেগুলো হচ্ছে মাবরুর রশীদ বান্নাহ্র ‘বেড সিন’, ‘লালাই’, ‘আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না’, মাহমুদুর রহমান হিমির ‘বাড়ি ফেরা’, রুবেল হাসানের ‘প্রেম ছবি’, ‘বৃষ্টি হয়ে এলে’ ও এস এ হক অলিকের ‘তুমি আমার হবে’।
