ইমরানকে আফগানিস্তান সফরের আমন্ত্রণ

সাবেক ক্রিকেটার ইমরান খানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত এখন। আর এখনই ইমরানকে কাবুল সফরের আমন্ত্রণ জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

এর আগে পাকিস্তানে ২৫ জুলাইয়ের জাতীয় নির্বাচনে ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির জয়ের জন্য ইমরানকে অভিনন্দন জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট ঘানি।

ইমরান খান দেরি না করে আফগান প্রেসিডেন্টের এ আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। ইমরানের মুখপাত্র নাঈম উল-হক সাংবাদিকদের বলেন, পিটিআই নেতা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আফগানিস্তান সফরে যেতে রাজি হয়েছেন।

ইমরান খান আগামী ১৪ আগস্ট প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন বলে জানা গেছে।