ইনজুরি আক্রান্ত ‘বন্ধু’ তাসকিনের বাড়িতে লঙ্কান শানাকা

মাঠে প্রায়ই দেখা যায় প্রতিপক্ষ ব্যাটসম্যানের বুটের ফিতা বেঁধে দিচ্ছেন কোনো ফিল্ডার। ভিনদেশী ক্রিকেটারদের মধ্যেও দেখা যায় সখ্যতা। তারই প্রমাণ মেলে শ্রীলঙ্কান পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকার সঙ্গে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের বন্ধুত্ব।

বাংলাদেশে শানাকার সবচেয়ে কাছের বন্ধু তথা ‘বেস্ট ফ্রেন্ড’ তাসকিন আহমেদ। কিন্তু গত ১ ফেব্রুয়ারি চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়ে মাঠ থেকে ছিটকে গেছেন তাসকিন। সে ম্যাচে তাসকিনের বিপক্ষ দলেই ছিলেন শানাকা।

খুব কাছে থেকেই তিনি দেখেছেন প্রিয় বন্ধুর ইনজুরি ও মাঠ ছাড়ার যন্ত্রণা। তাই ইনজুরি আক্রান্ত বন্ধুকে সমবেদনা জানাতে এবং ভালো কিছু সময় কাটাতে তাসকিনের বাসায়ই চলে গিয়েছেন শানাকা। দেখা করেছেন পুরো পরিবারের সঙ্গে, খোঁজ নিয়েছেন তাসকিনের পায়ের ইনজুরির।

এসময় কেক কেটে শানাকাকে স্বাগত জানায় তাসকিনের পরিবার। নিজ হাতে তাকে কেক খাইয়ে দেন তাসকিনের মা। পরে তাসকিন ও শানাকা আড্ডা দেন নিজেদের মতো করে, প্রাণভরে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুর বাড়িতে ভ্রমণ করার ছবিও শেয়ার করেছেন শানাকা। সেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে আমার বেস্ট ফ্রেন্ড তাসকিনের বাসায় গেলাম। খুবই দারুণ সময় ছিলো। আশা করি তুমি (তাসকিন) দ্রুত সুস্থ্য হয়ে যাবে।’