একসময় স্পিন রাজ্যে তুমুল আধিপত্য বিস্তার ছিল পাকিস্তানের অফস্পিনার সাকলাইন মুশতাকের। এখনো স্পিন কোচ হিসেবে তার সুখ্যাতি বিশ্বজোড়া। বর্তমানে কাজ করছেন ইংল্যান্ডের স্পিন উপদেষ্টা হিসেবে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, বহু দেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করলেও নিজ দেশেই উপেক্ষিত সাকলাইন। আর এ নিয়ে মনে বড় কষ্ট তার। এমনকি তার প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড যে আচরণ করেছে তাতেও এক প্রকার ক্ষুব্ধ সাকলাইন।
আর এসব নিয়ে সম্প্রতি সাকলাইন কথা বলেছে মিডিয়ার সঙ্গে। বলেছেন, ‘দেশের ক্রিকেটের সঙ্গে বহুবার যুক্ত হতে চেয়েছি। কিন্তু পিসিবি তা কানে তোলেনি। দেশের পক্ষ থেকে আমাকে কদর করা হয়নি। ওয়াকার ইউনুস দায়িত্ব ছাড়ার পরও আমি প্রধান কোচের পদে আবেদন করেছিলাম। কিন্তু সেই আবেদনও নাকি গ্রহন করা হয়নি।’
এ বিষয়ে ৪১ বছর বয়সী সাবেক এই স্পিনার আরো বলেছেন, ‘লেস্টারে নিজের একাডেমি খুলাতে এখন আর অন্য দায়িত্ব পালন করা সহজ হয়ে উঠে না। তবে পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার সময় আমি একটি পদের জন্য আবেদন করেছিলাম। জানতাম, আমাকে সুনির্দিষ্ট নিয়মগুলো মানতে হবে। তবে সেখান থেকেও কোনো জবাব পাইনি।’
