আ.লীগের ২ কর্মীকে বিএনপি খুন করেছে : কাদের


আসন্ন একাদশ নির্বাচনী প্রচারণা চালানোর সময় গতকাল আওয়ামী লীগের দুই কর্মীকে হত্যা ক‌রে‌ছে বিএনপি এবং এর প্রমাণও আছে ব‌লে দাবি ক‌রে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনী প্রচার সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের ব‌লেন, ‘নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি দিনে দিনে সংকুচিত হচ্ছে। পল্টনে সহিংসতা দিয়ে নির্বাচনের সহিংতা শুরু করেছে তারা। পল্টনের যে তাণ্ডব, সেই তাণ্ডব এখন তারা চালাচ্ছে। বিএনপি আবারও প্রমাণ করল তারা সন্ত্রাসী দল।’

গতকাল নির্বাচনী সহিংসতায় দুজন মারা গেছে। দুজনই আওয়ামী লীগের কর্মী। একজন নোয়াখালিতে এবং আরেকজন ফরিদপুরে। ফরিদপুরে নিহত ইউসুফ আল মামুন ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক।

বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারি দলের নিপীড়নের কথা বলছেন; এই নিপীড়ন কারা করছে। আজ বিরোধী দল হয়ে আপনারাই তো গতকাল দু’টি খুন করেছেন। এটার প্রমাণ আছে; এটা কোনো সাজানো বানানো কথা নয়।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন আর ভাষণ দিয়ে লাভ নেই, অ্যাকশনে যেতে হবে। অনেক কাজ, অনেক ক্যাম্পেইন করতে হবে।’

নির্বাচনী প্রচারে বিএনপির গণজোয়ার নয় গণভাটা শুরু হয়ে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘মওদুদ উনি কিন্তু জমাতে পারছেন না। বিএনপির ভাঙা হাট কোথাও জমছে না। অথচ উনারা বলছেন গণজোয়ার; আমি বলছি এটাকে গণভাটা। বিএনপির এখন গণভাটা চলছে।’

নির্বাচনী পরিচালনার কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে নির্বাচনী প্রচার অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নির্বাচনী প্রচার উপ-কমিটির আহ্বায়ক ড. হাছান মাহমুদ ও উপ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম আমিন।