আসছে সিক্যুয়েলও

‘ভারত আনে নেনু’ দিয়ে বক্স অফিস কাঁপিয়েছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। সিনেমাটি বিশ্বজুড়ে দারুণ রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম দিনেই তেলেগুর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমার রেকর্ড গড়ে এ ছবি। পাশাপাশি মুক্তির মাত্র তিন দিনেই ১০০ কোটির ক্লাব স্পর্শ করে এ সিনেমা। শুধু ভারতের বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও দাপট দেখিয়েছে ছবিটি। সব মিলিয়ে দর্শক-সমালোচকের প্রশংসার পাশাপাশি দারুণ ব্যবসা সফল হয়েছে সিনেমাটি। শোনা যাচ্ছে, এর সিক্যুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্যই জানা গেছে। ইতোমধ্যেই ছবিটির চিত্রনাট্য তৈরির কাজ শুরু হয়েছে। প্রথম সিনেমার মতো সিক্যুয়েলটিও পরিচালনা করবেন কোরাতলা শিবা। এছাড়া ‘ভারত আনে নেনু’ নিয়ে খুব শিগগিরই একটি কমিক বইয়ের সিরিজ প্রকাশিত হবে।

ভারত আনে নেনু সিনেমায় একজন রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেন মহেশ। সম্প্রতি ভারতীয় লোকসভায়ও সিনেমাটি নিয়ে আলোচনা হয়।

মহেশের স্ত্রী নম্রতা শিরোদকর বলেন, ‘মহেশকে নিয়ে লোকসভায় আলোচনা অনেক বড় একটি ব্যাপার। সত্য বলতে ভারত আনে নেনু অনেক বড় একটি প্রভাব ফেলেছে এবং দেখিয়েছে সিনেমাকে কীভাবে পরিবর্তনের মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। আমরা খুবই আনন্দিত যে, এই সিনেমা যারা ক্ষমতায় রয়েছেন তাদের ভালো কাজ করতে অনুপ্রাণিত করছে।’