আলিয়ার কাছ থেকে প্রেমের ‘উপদেশ’ নেবেন না বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাট পরস্পরের খুব ভালো বন্ধু এবং একসঙ্গে তাঁদের বেশ কিছু ছবিতে অভিনয় করতে দেখা গেছে। ফিল্মফেয়ার-এ বরুণ ধাওয়ান নাকি জানিয়েছেন তিনি আলিয়ার থেকে প্রেমের উপদেশ নিতে নারাজ। দিল্লিবাসী ডিজাইনার নাতাশা দালালকে ডেট করছেন বরুণ এবং তিনি জানান প্রেমের ক্ষেত্রে কোনো উপদেশ নিতে হলে সব শেষে তিনি যাবেন আলিয়ার কাছে।

‘না, প্লিজ! আমি ওঁর থেকে প্রেমের পরামর্শ নেব না। প্রয়োজনে সব শেষে আমি ওঁর উপদেশ নেব। আমাদের বন্ধুত্বের একটা ভালো দিক হলো আমরা জীবনের ওই দিকগুলো পরস্পরের সঙ্গে আলোচনা করি না। আমরা কেরিয়ার নিয়ে আলোচনা করি কারণ আমাদের দুজনেরই মূল লক্ষ্য একটাই। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা একে অপরের পেছনে লেগেই সময় কাটিয়ে দিই’, জানান বরুণ।

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অভিনয় করে বলিউডে পা রাখেন বরুণ ধাওয়ান। কিন্তু অনেক ছোটোবেলা থেকেই পরস্পরকে চেনেন তাঁরা, জানিয়েছেন বরুণ। তিনি বলেন, আমরা দুজনেই একইরকম। একসঙ্গে ছবি করতে করতে আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বেড়ে গেছে। কলঙ্ক-এর শুটিং চলাকালীন আমি আলিয়াকে বলেছিলাম, তুমি বুড়ি হয়ে যাচ্ছ। আমি ওঁকে একদম ছোট থেকে দেখছি। আর আমাকেও আলিয়া বলল আমিও নাকি বুড়ো হয়ে গেছি আর আমার দাড়ি বাড়ছে, ফিল্মফেয়ারকে জানিয়েছেন বরুণ।

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর বরুণ ও আলিয়া একসঙ্গে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিতে অভিনয় করেছেন। খুব শিগগিরই তাঁদের ‘কলঙ্ক’ ছবিতে সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনহা এবং আদিত্য রায় কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে।