জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নিজেদের প্রথম ম্যাচে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।
১৯৯৬ সালের পর আর্সেন ওয়েঙ্গারকে ছাড়া এটিই ছিল আর্সেনালের প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ। গত মৌসুম শেষে আর্সেনালের কোচের পদ সরে দাঁড়ানো ওয়েঙ্গারের জায়গায় দায়িত্ব পাওয়া উনাই এমেরির শুরুটা হলো হার দিয়ে।
এ নিয়ে টানা আট মৌসুমে জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করল সিটি। এমেরির বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ বারের দেখায় অপরাজিতই থাকলেন গার্দিওলা (৭ জয়, ৪ ড্র)।
এমিরেটস স্টেডিয়ামে রোববার ম্যাচের ১৪ মিনিটেই রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় সিটি। ডি-বক্সের বাইরে থেকে কয়েকজন খেলোয়াড়কে বোকা বানিয়ে ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড। আর্সেনাল গোলরক্ষক পিওতর চেক নড়ারও সুযোগ পাননি।
সিটির হয়ে লিগ অভিষেকেই গোল পেতে পারতেন রিয়াদ মাহরাজ। কিন্তু প্রথমার্ধে তার ফ্রি-কিক ঠেকান আর্সেনাল গোলরক্ষক চেক।
৬৪ মিনিটে সিটির ব্যবধান দ্বিগুণ করেন বার্নান্দো সিলভা। বেঞ্জামিন মেন্ডির কাট ব্যাকে বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ মিডফিল্ডার। বাকি সময়ে আর গোল না পেলেও জয়ের স্বস্তিতেই লিগ শুরু করে অতিথিরা।
