আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত করতে হারাতে হবে ব্রাজিলকে!

আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে হারিয়েছে আর্জেন্টিনা। ডি মারিয়ার একমাত্র গোলে জয় তুলে নেওয়ার পাশাপাশি লাতিন অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিতের পথে এগিয়ে গেলো আলবেসিলেস্তেরা।

এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষ হয়েছে মাত্র ১২টি। এরই মধ্যে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার সেই যোগ্যতা অর্জনের পথে ছুটছে আরেক জায়ান্ট আর্জেন্টিনা।

আজ উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই জয়ে আর্জেন্টিনার সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ২৮ পয়েন্ট। আর বাকি থাকা ৬ ম্যাচের মধ্যে কেবল একটি ম্যাচ জয়ই তাদের এনে দেবে কাতার বিশ্বকাপের টিকেট।

বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচটিতে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের মধ্যকার লড়াইয়ে আর্জেন্টিনা জয় তুলে নিতে পারলে সেখানেই বিশ্বকাপ খেলাও নিশ্চিত হয়ে যাবে।

এদিকে আর্জেন্টিনার পয়েন্ট ১২ ম্যাচে ২৮। তারা তৃতীয়স্থানে থাকা ইকুয়েডরের থেকে ৮ এবং চারে থাকা দলের চেয়েও ১২ পয়েন্ট এগিয়ে আছে যা তাদের বিশ্বকাপের মূল পর্বে তুলে দিতে যথেষ্ট।

কিন্তু থাতা কলমের হিসেবে আগামী ম্যাচে জিততে পারলেই আর কোন কিছুর অপেক্ষা করা লাগবে না আর্জেন্টিনার। তারা উঠে যাবে মূল পর্বে।