তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি, তবুও আইনের বেড়াজালে প্রায় এক মাস জেলবন্দি ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। দিওয়ালির আগেই জামিনে ছাড়া পেয়ে ঘরে ফিরেছেন তিনি। এই কঠিন সময়ে অনেকেই শাহরুখ-গৌরীর সমালোচনায় মুখর হয়েছেন। ছেলেকে সঠিকভাবে মানুষ করতে পারেননি- এমন কটাক্ষে বিদ্ধ হতে হয়েছে কিং খানকে।
তবে অনেকেই সরাসরি শাহরুখের সমর্থনে মুখ খুলেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও কঠিন সময়ে খান পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন এক চিঠিতে। সরাসরি মান্নাত-এর ঠিকানায় চিঠি লেখেন রাহুল, যেটি গত ১৪ অক্টোবর পৌঁছায়। সেই সময় আর্থার রোড জেলে বন্দি ছিলেন আরিয়ান। তবে চিঠিটি প্রকাশ হয়েছে সম্প্রতি। সেখানে রাহুলের বার্তা, ‘সত্য বেশি দিন চাপা থাকে না, তা প্রকাশ্যে আসবেই’।
রাহুল আরও লেখেন, ‘আমি জানি আপনি খুব দরদীমানুষ এবং নিজের মাহাত্ম্যে সারা দেশে আপনার নাম-যশ ছড়িয়ে রয়েছে। সেই জন্যই সকলে আপনার পাশে রয়েছে’। যদিও এই চিঠির ব্যাপারে প্রকাশ্যে কিছু মন্তব্য করতে চাননি কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা। তার কথায়, ‘এই সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। যদি এই ধরণের কোনো চিঠি রাহুলজি পাঠিয়েও থাকেন সেটি একান্ত ব্যক্তিগত পরিসরে এবং সেটি গোপন থাকাই কাম্য’।
২২ দিন আর্থার রোড জেলে কাটানোর পর গত শনিবার মান্নাতে ফিরেছেন আরিয়ান। ম্যাজিস্ট্রেট কোর্ট ও সেশন কোর্ট মাদককাণ্ডে আরিয়ানের জামিনের আর্জি খারিজ করেছিল। অবশেষে বোম্বে হাইকোর্টে স্বস্তি পেয়েছেন তারকাপুত্র। ২৮ অক্টোবর বোম্বে হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করে। তার দুদিন পর তিনি আর্থার রোড জেল থেকে ছাড়া পান।
