সারা দেশে একযোগে তাণ্ডব চালানো করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৪৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে, এসময় ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৭ জনের।
মঙ্গলবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রায় ২০ হাজার নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ২ দশমিক ২৩ শতাংশ, যা আগের দিন ২ দশমিক ১৮ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জন কোভিড রোগী শনাক্ত হল। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৯৬ জনের।
সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৩ হাজার ৬২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন সুস্থ হয়ে উঠলেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
মহামারির মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৬ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
