আরও ৪৪ মৃত্যু, নতুন শনাক্ত ২৬১৭

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৫৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৬১৭ জনের মধ্যে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৬৯ হাজার ১১৫ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত মার্চের শুরুতে দেশে করোনা সংক্রমণের পর থেকে প্রতিদিন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত করোনা ব্রিফিং করে আসছিল। তবে গতকাল বুধবার থেকে বন্ধ করে দেয়া হয় ব্রিফিং। এখন থেকে প্রতিদিন বিজ্ঞপ্তিতে জানানো হবে করোনা আপডেট।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে সুস্থ হয়েছেন এক হাজার ৭৮২। মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজার ৮৭১ জনে।