আমি আপনাদের সবার কাছে ঋণী: শহিদুল আলম

সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে হওয়া মামলায় তিন মাস কারাভোগ করেছেন বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম। গত মঙ্গলবার (২০ নভেম্বর) রাতে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

কারামুক্তির তিন দিন পর ফেসবুকে তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। পাঠকদের জন্য হুবহু তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

আজ শনিবার দুপুরে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেছেন, প্রিয় বন্ধুরা, কেরাণীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এটাই আমার প্রথম পোস্ট। এখন চিকিৎসার জন্য আমি হাসাপতালে এবং এখানে আরও কিছু দিন থাকতে হবে আমাকে।

চিকিৎসকরা সার্জারির পরামর্শ দিয়েছেন (যদিও ততটা ভয়ানক কিছু নয়)। আমি আবার লিখব সবকিছু ঠিক হওয়ার পর। সারা বিশ্বের আপনাদের সবার কাছে আমি ঋণী। আশ্চার্যজনকভাবে সমর্থন ও সহানুভূতি (আমার প্রতি) প্রকাশের জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

আপনাদের প্রচেষ্টা আমাকে শুধু ‍মুক্তই করেনি বরং সেটা ছিল কারাগার ভেদ করা এক আলো, যেখানে আমি আটকে ছিলাম।

এটা বেশ উৎসাহজনক যে, বস্তুগতভাবে প্রতিষ্ঠান খুব শক্তিশালী হলেও আমরা সব বাধা অতিক্রম করতে পেরেছি। জনগণের শক্তি!

আবারো সবাইকে ধন্যবাদ!

ধন্যবাদান্তে

শহিদুল

এরপর তিনি আরও বলেন-

‘এখনই শেষ নয়। মাথার ওপর মামলাটি এখনো ঝুলছে। আরো অনেকগুলো ধাপ পেরিয়ে যেতে হবে।

তিনি বলেছেন, এটি আমার একমাত্র ফেসবুক প্রোফাইল (যার সঙ্গে অনেক পেজের লিংক রয়েছে)। আমি আর কোনো প্রোফাইল তৈরি করিনি, সুতরাং আমার নামে অন্য কোনো প্রোফাইল চালালে তার দায়-দায়িত্ব আমি নেব না।

শহিদুল আলম আরো বলেছেন, এখানে আরো উল্লেখ্য যে, আমি আমার জিমেইল অ্যাকাউন্ট shahidul1@gmail.com আর ব্যবহার করছি না। আমার বৈধ অফিসিয়ার ইমেইল ঠিকানা হলো-shahidul@drik.net। ৫ আগস্টের পর কোনো মেইল পাঠালে তা পুনরায় shahidul@drik.net ইমেইলে পাঠাতে অনুরোধ করছি।

এর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গত ৩ ও ৪ আগস্ট রাজধানীর জিগাতলা এলাকায় সংঘর্ষের বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার ফেসবুক লাইভে এসেছিলেন শহিদুল। ওই আন্দোলনের বিষয়ে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের সমালোচনাও করেন।

এরপর ৫ আগস্ট শহিদুল আলমকে তার রাজধানীর বাসা থেকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরদিন ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলা করে তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠায়।