বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান। আগামী ৩ আগস্ট মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘কারওয়াঁ’। কিন্তু ইরফান খান স্নায়ুকোষের টিউমারে আক্রান্ত। তার রোগের নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’। তিনি এখন যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকে নিজের উপলব্ধির কথা বলতে গিয়ে তিনি লিখেছেন, ‘অনিশ্চয়তাই জীবনের একমাত্র সত্য।

আমি আত্মসমর্পণ করছি। জীবন আর মৃত্যুর মধ্যে শুধু এক রাস্তার ফারাক। প্রথম জীবনকে প্রকৃত অর্থেই চিনতে পেরেছি। মনে মনে ঠিক করেছি, না, হেরে যাব না। যে করেই হোক, লড়াইটা চালিয়ে যেতেই হবে।’
চলতি মাসের শুরুতে টুইটারে ইরফান খান লিখেছেন, ‘কবে ফিরতে পারব, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’ এদিকে টুইটারে প্রোফাইল পিকচার বদলেছেন তিনি। যদিও বেশ রোগা হয়ে গেছেন, তারপরও এই ছবিতে ইরফান খানের হাসিমুখ দেখে খুশি তার ভক্ত, অনুরাগী আর শুভাকাক্সক্ষীরা। তিনি লিখেছেন, ‘আমি হতাশ নই। আশাও ছাড়িনি। আনন্দেই বেঁচে আছি।’
‘কারওয়াঁ’ ছবির পরিচালক আকর্ষ খুরানা বলেছেন, ‘ইরফানকে ছাড়া ছবির প্রমোশন অবশ্যই আমাদের কাছে চ্যালেঞ্জিং। আর সেই চ্যালেঞ্জটা আমাদের নিতেই হচ্ছে।’ ‘কারওয়াঁ’ শব্দের অর্থ যাত্রা। ছবিতে ইরফানের সঙ্গে অভিনয় করেছেন মালয়ালাম তারকা দালকির সালমান আর মারাঠি নায়িকা মিথিলা পালকর। সূত্র : হিন্দুস্তান টাইমস
