উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকে ভূষিত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা।
গতকাল বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রুনা লায়লার হাতে এই স্বর্ণপদক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. আখতারুজ্জামান।
স্বর্ণপদকে ভূষিত হয়ে রুনা লায়লা বলেন, ‘এই পুরস্কার আমার জন্য আশীর্বাদ। আমার পাওয়া অন্য সব পুরস্কার থেকে এটি একদম আলাদা। কারণ, এর সাথে জড়িয়ে আছে কিংবদন্তি ফিরোজা আপার নাম। আমি খুবই আনন্দিত এই পুরস্কার পেয়ে। যতদিন গান রবে, ততদিন উনার নাম বাংলার সংস্কৃতিতে লেখা থাকবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসিআই ফাউন্ডেশন এবং ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. কামাল উদ্দীন।
শুরুতেই সূচনা সংগীত ও নৃত্য পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের কৃতী ছাত্রী ঊর্মি ঘোষকেও একই পদকে ভূষিত করা হয়।
এর আগে সাবিনা ইয়াসমিন (২০১৬) ও রেজওয়ানা চৌধুরী বন্যা (২০১৭) ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ পেয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার রুনা লায়লা পেলেন এই পুরস্কার।
উল্লেখ্য, ফিরোজা বেগমের জন্মদিন ২৮ জুলাই। এ দিনটিকে কেন্দ্র করেই ২০১৬ সাল থেকে পুরস্কার প্রদান করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
