‘আমাদের ম্যাইরা দেন, নাইলে দুটো খাইতে দেন’

হয় ‘ক্রসফায়ার’ দিয়ে ম্যাইরা দেন নাইলে দুটো খাইতে দেন। গতকাল রাত থেকে আমরা একফোঁটা পানিও খাইনি। হয় আমাদের মেরে দেন নাহলে ট্রাক ছেড়ে দেন। শনিবার (১১ এপ্রিল) দুপুর তিন টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির সামনে ট্রাকের ওপর বসে এমন আহাজারি করছিলেন ঢাকার কেরানীগঞ্জ থেকে ফিরে আসা রব্বানী, মোকলেজ, গফুরসহ ট্রাকে বসে থাকা আরো অনেক শ্রমিক।

জানা গেছে, ঢাকা থেকে গোপনে ট্রাক যোগে আসা ওই গার্মেন্টস শ্রমিকদের আটক করে সাতক্ষীরা থানা পুলিশ। পরে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা পুলিশের ব্যবস্থাপনায় তাদেরকে শ্যামনগর প্রাইমারি স্কুল ঘরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্ষুধার্ত ওই শ্রমিকদের আকুতি দেখে সাতক্ষীরা ইটাগাছা পুলিশ ফাঁড়িরি সহকারী উপপরিদর্শক (এএসআই) দুলাল বাবু তাদেরকে ৫ কেজি মুড়ি ও ১০ লিটার বিশুদ্ধ পানি কিনে দেন। এসময় ওই ক্ষুধার্ত শ্রমিকেরা মুড়ি আর পানি খেয়ে সাতক্ষীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, গতকাল থেকে সাতক্ষীরা আসা পর্যন্ত পথে অন্তত ১০ জায়গায় আটকিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কিন্তু কেউ এক ফোঁটা পানিও খেতে দেয়নি। অবশেষে সাতক্ষীরা জেলা পুলিশই আমাদের মুড়ি ও পানি খেতে দিলো।

ব্রেকিংনিউজ