নিয়ম করে মাঠে আসা, তারকা ক্রিকেটারদের সঙ্গে সেলফি, সোশ্যাল সাইটে উচ্ছ্বাস প্রকাশ―এভাবেই সবাই চেনেন নাফিসা কামালকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল এবারের বিপিএলে কিন্তু খুব একটা মাঠে আসেননি। সোশ্যাল সাইটেও নীরব ছিলেন। তবে ফাইনালের দিন নাফিসার উচ্ছ্বাস বাঁধ ভাঙল।
তাঁর দল কুমিল্লা যে আবার চ্যাম্পিয়ন হয়েছে! সেটাও ফরচুন বরিশালের মতো তারকাবহুল দলকে হারিয়ে। গতকাল শুক্রবার রাতে শেষ হওয়া বিপিএলের অষ্টম আসরে দল সাজানো নিয়েই বিতর্ক হয়েছিল। মিনিস্টার গ্রুপ ঢাকায় ছিলেন পঞ্চপাণ্ডবের তিনজন―মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদ।
বাকি দুই সদস্যের মাঝে মুশফিকুর রহিম ছিলেন খুলনা টাইগার্সের নেতৃত্বে আর সাকিব আল হাসান বরিশালকে নেতৃত্ব দিয়েছেন। কুমিল্লা দলটিও তারকায় ভরপুর হলেও তারা পঞ্চপাণ্ডবের কাউকেই নেয়নি। দল সাজানোর সময় নাফিসা কামাল বলেছিলেন, পঞ্চপাণ্ডবদের দলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
ইমরুল কায়েসর নেতৃত্বে কুমিল্লা অষ্টম বিপিএলের শিরোপা জয়ের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নাফিসা কামাল বলেন, ‘আমরা চেয়েছিলাম তরুণ একটা দল গড়তে। আমাদের দলে কিন্তু কোনো পাণ্ডব ছিল না। এক দলে তিনজন পাণ্ডব ছিল, রানার্স-আপ দলেও একজন ছিল।
ফলে এত পাণ্ডবদের ছাড়াই চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের জন্য বেশি আনন্দের। ‘ উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। ২০১৯ সালে হয়েছিল ইমরুলের নেতৃত্বে।
