২০১৪ সালে মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’ ছবিতে চুক্তিবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস জুটি। বেশ কিছুদিন শুটিংও হয়। কিন্তু এরপর বেঁকে বসেন তাঁরা। কোনোভাবেই শিডিউল জোগাড় করতে পারেননি পরিচালক। মাঝখানে অপু বিশ্বাসের অন্তরালে ডুব, শাকিবের সঙ্গে বিয়ে এবং সন্তানের খবর ফাঁস হওয়ার পর ছবিটির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েন আকবর।
কিন্তু হাল ছাড়েননি তাঁর প্রযোজক মনিরুজ্জামান। তিনি চান ছবিটি আলোর মুখ দেখুক। তাই মার্চেই প্রযোজক সমিতিতে এক অভিযোগপত্র পাঠিয়েছিলেন। সম্প্রতি আবার শিল্পী সমিতিতেও পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

প্রযোজক সমিতির কর্মকর্তা সৌমেন রায় বাবু মনিরুজ্জামানের লিখিত অভিযোগটি হাতে পেয়ে বলেন, ‘শাকিব ও অপুকে অভিযোগপত্রটিসহ চিঠি পাঠাব সমিতির পক্ষ থেকে। তাঁদের কাছে জানতে চাওয়া হবে, কেন শিডিউল দিচ্ছেন না। আশা করছি, সমস্যাটির সমাধান হয়ে যাবে।
আবার শুটিং শুরু হবে।’ মনতাজুর রহমান আকবর বলেন, ‘আমার মনে হয় শাকিব-অপুর ভেতরে যে দ্বন্দ্ব চলছিল তা এখন শিথিল হয়েছে। সন্তানের জন্য তাঁরা আবার এক হয়েছেন বলেও শুনেছি। আমি চাই ছবিটির একটা ভবিষ্যৎ তৈরি হোক। তাঁরা দুজনেও হয়তো সেটা চাইবেন।’
