আবারও মিউজিক ভিডিও’র মডেল তমা

চিত্রনায়িকা তমা মির্জা চলচ্চিত্রের কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকেন। তবে মাঝে মধ্যে শখের বসে মিউজিক ভিডিও’র মডেল হিসেবে কাজ করেন তিনি।

সেই ধারাবাহিকতায় আবারও নতুন একটি গানের ভিডিওতে মডেল হলেন তমা।

মো. শোয়বের গাওয়া ‘আমার আকাশ’ শিরোনামের গানটিতে তমার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন ইউটিউবার সৌমিক আহমেদ।

গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত করেছেন ‘অটামনাল মুন’। ভিডিওটি পরিচালনা করেছেন রাজ চিন্তয়ী। গাংচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে গতকাল বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশিত হয়েছে।

এ সম্পর্কে তমা মির্জা বলেন, ‘মনের মতো গান পেলে মিউজিক ভিডিওতে মাঝে মাঝে কাজ করি। এই গানটি, সুন্দর তাই কাজটি করেছি। ভিডিওটি প্রকাশের পর থেকে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’