আবারও তেজগাঁওয়ে ফিরলেন ডিসি বিপ্লব

আবারও তেজগাঁও বিভাগের ডিসি পদে পদায়ন করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকারকে। সোমবার (১৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বিপ্লবকে এ দায়িত্ব দেওয়া হয়। ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত এই পদেই দায়িত্ব পালন করেছিলেন তিনি। আদেশে বিপ্লব আরও দুই কর্মকর্তার পদায়ন করা হয়েছে।

এর মধ্যে ডিএমপির ডিসি সঞ্জিত কুমার রায়কে সচিবালয় নিরাপত্তা বিভাগের ডিসি পদে এবং তেজগাঁও বিভাগের ডিসি মো. শহিদুল্লাহকে ডিএমপির কাউন্টার টেরোরিজমের ইনভেস্টিগেশন বিভাগের ডিসি পদে বদলি করা হয়েছে।

বিপ্লব কুমার সরকার ২০১৩ সালের ৭ এপ্রিল থেকে দীর্ঘ সময় ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি পদে দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জের এ সন্তান তখন রেকর্ডসংখ্যক ২৩ বার ডিএমপির শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হন। ২০১৪ সালে তিনি প্রথম পিপিএম পদক পান। এরপর ২০১৬ সালে বিপিএম পদক অর্জন করেন। ২০১৯ সালের ১৩ জুন তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়। গত ১৮ অক্টোবর ডিএমপির ডিসি পদেই বিপ্লব কুমারকে রংপুর থেকে ফিরিয়ে আনা হয়। তারপর থেকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত ছিলেন এ কর্মকর্তা।