টি-টোয়েন্টিতে এই স্পেলটাকে হয়তো বহুদিন মনে রাখবেন টাইগার পেসার সাইফুদ্দিন। ৪ ওভারে ২৪ বল। যার মধ্যে ১৬টিই দিয়েছেন ডট বল। আছে একটি মেইডেন ওভার। একটি হ্যাটট্রিক গড়ার সুযোগ। ৪টি উইকেট ও শেষ ওভারে দলকে অসাধারণ জয়ের উপহার।
সব মিলিয়ে যেনো সোনায় সোহাগা ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। ম্যাচ শেষে এই তরুণও তাই মনে করছেন। সাইফুদ্দিনের মতে, ‘টি-টোয়েন্টিতে সুযোগ খুবই কম পাওয়া যায়। আর সেই কম সুযোগকেই একবার কাজে লাগাতে পারলে হিরো হওয়া যায়। হয়তো সেটাই আজ আমি লুফে নিয়েছি।
নিজের দ্বিতীয় স্পেল শেষে ইনজুরিতে পড়েছিলেন সাইফুদ্দিন। ব্যাথায় মাঠও ছাড়তে হয়েছিল তাকে। কিন্তু দলের প্রয়োজনে শেষ ওভারের জন্য তাকে আবারো মাঠে ফিরিয়ে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে তামিম ও আফ্রিদিকে ধন্যবাদ জানাচ্ছেন সাইফুদ্দিন। তাকে মাঠে ফিরিয়ে আনতে ও মাঠে সাহস জোগাতে তামিমের বেশ অবদান ছিল।
সাইফুদ্দিন বলেন, ‘ব্যাথা তখনও করছিল। কিন্তু আফ্রিদি ভাইকে দেখে শক্তি পেয়েছি। উনি আজ সম্পূর্ণ ফিট ছিলেন না। ওনার হাত-পায়ে ব্যাথা ছিল। এমনকি হাঁটার অবস্থাতেও ছিলেন না। সে অবস্থাতে থেকেও দলের জন্য ৪ ওভার বোলিং করেছেন। নিজের জন্য নয় দলের জন্য ভেবেছেন। তখনই মনে হয়েছে উনি পারলে কেনো আমি নয়। ধন্যবাদ জানাই আফ্রিদি ভাইকে তার এই ত্যাগের জন্য।
