‘আফগানদের কম রানে আটকাতে হবে’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তরের ভবনটা পার হতেই কয়েকটা মাঠ। দুটি মাঠে অনুশীলন করছিল বাংলাদেশ দল। একটিতে নেটে ব্যাটিং, বোলিং। আরেক মাঠে ফিল্ডিং অনুশীলন চলছিল। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য তখন অপেক্ষায় সাংবাদিকরা।

এর মাঝেই কয়েকটা কাগজ হাতে এসে হাজির আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের এই সাবেক অধিনায়ক বর্তমানে আইসিসির ডেভলপমেন্ট কর্মকর্তা। এখন একমাস অস্ট্রেলিয়া থাকলে পরের মাস আবার দুবাইয়ে থাকতে হয় তাকে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভার কারণে এখন দুবাইয়ে বুলবুল।

এসিসির চাকুরে থাকাকালীন আফগানিস্তানের ক্রিকেট নিয়ে বিস্তর কাজ করেছেন তিনি। শূন্য থেকে দেশটির ক্রিকেট উন্নয়নে ভূমিকা আছে এই বাংলাদেশির। তাই আফগান ক্রিকেট বুলবুলের নখদর্পণে আছে। আর দেশ থেকে দূরে থাকলেও বাংলাদেশ দলের সব খবরই রাখেন তিনি। আজ আবুধাবিতে ‘বি’ গ্রুপের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। গত জুনেই যাদের কাছে ৩-০ তে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল সাকিব আল হাসানের দল।

গতকাল একান্ত আলাপে বুলবুল ইত্তেফাককে জানিয়েছেন, আজ আফগানিস্তানকে হারানোর ‘রেসিপি’। তার মতে, ম্যাচে বাংলাদেশের বড় কাজ হবে আফগানদের কম রানে আটকে রাখা। এবং নিজেদের আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে।

আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের আবশ্যক কর্ম জানাতে গিয়ে গতকাল বুলবুল বলেছেন, ‘প্রথম হচ্ছে আমরা যত কমে (রান) রাখবো। ওরা যদি বেশি রান করে এটা খুব কঠিন হবে আমাদের। শুধু বাংলাদেশ নয়, ইনিংসের মাঝপথে ওদের স্পিনারদের বিরুদ্ধে রান বের করা যে কোনো দলের জন্য কঠিন। ওদেরকে ২০০’র নিচে বা ২১০ রানের মাঝে আটকাতে হবে।’

মাশরাফিদের মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন বুলবুল। বলেছেন, ‘ওরা কিন্তু মানসিকভাবে খুব শক্ত দল। শারীরিকভাবেও তারা খুব পোক্ত। এদিক থেকে ওরা আমাদের চেয়ে এগিয়ে আছে। তবে আমাদের অভিজ্ঞতা ওদের চেয়ে বেশি। আমরা বড় বড় দলকে বেশি হারিয়েছি। এটা বড় আত্মবিশ্বাস। এটার সঙ্গে ওদেরকে যত কম রানে আটকে রাখা যায় ততই ভালো।’

ভারতের দেরাদুনে গত জুনে আফগানদের কাছে হেরে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ নিয়ে না ভাবতেই বলেছেন বুলবুল। তিনি চান, বাংলাদেশ খেলতে যাবে নির্ভার হয়ে। গতকাল দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বলেছেন, ‘আমরা এই তো শ্রীলঙ্কাকে গো হারা হারিয়েছি। ক’দিন আগে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারিয়েছি। এই আত্মবিশ্বাসের জায়গাটা আমাদেরকে চিন্তা করতে হবে সঠিকভাবে। এখন দল কি ইতিবাচকভাবে ভাবছে কি-না এটাই বড়। আমি চাইবো, বাংলাদেশ যেন কাল (আজ) যথাযথ চিন্তা নিয়ে নামে। ভয় দূরে রেখে, এটা চিন্তা করে যে আমরা আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা জিতবো। নিজেদের ক্রিকেটটা খেলে। ওদেরকে চেপে বসার সুযোগ না দেয়।’

সংযুক্ত আরব আমিরাতে ১০ বছর ধরে খেলছে আফগানিস্তান। শারজাহ তাদের হোম গ্রাউন্ড। তাই আফগানরা আজ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। বুলবুল বলেছেন, ‘আমি ওদেরকে শক্ত হুমকি মনেকরি। ওরা ভালো প্রতিদ্বন্দ্বী দল। বাংলাদেশ সবসময় টার্গেট করে বড় দল। যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড। যারা আমাদের চেয়ে উপরে। আফগানরাও কাল (আজ) তাদের সর্বস্ব দিয়ে লড়ে যাবে। যেটা শ্রীলঙ্কার সাথে দেখেছেন আপনারা।’