আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ হাফিজ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।এর মধ্য দিয়ে ১৮ বছরেরও বেশি সময়ের পথ চলা থামলো এই অলরাউন্ডারের। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন হাফিজ। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া এই স্পিন অলরাউন্ডার গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন।

পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ২০১৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। সীমিত ওভারের ক্রিকেটে পূর্ণ মনোযোগ দেন। পাকিস্তানের হয়ে প্রায় নিয়মিতই খেলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। ৪১ বছর বয়সেও তরুণদের চাইতে দুর্দান্ত খেলেছেন। এর পরও তাকে দলে রাখা নিয়ে নানা সময়ে নানা কথা ওঠে। বারবারই ফর্ম দিয়ে জবাব দিয়েছেন ‘পাকিস্তানের প্রফেসর’খ্যাত তারকা।

১৮ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৩৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হাফিজ। করেছেন ১২ হাজার ৭৮৯ রান, শিকার করেছেন ২৫৩ উইকেট। এর মধ্যে টেস্ট খেলেছেন ৫৫টি, ওয়ানডে ২১৮টি এবং টি-টোয়েন্টি খেলেছেন ১১৯টি। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৩২বার ম্যাচ সেরা হয়েছেন। যা পাকিস্তানের হয়ে চতুর্থ সর্বোচ্চ। তার ওপরে রয়েছেন শহীদ আফ্রিদি (৪৩), ওয়াসিম আকরাম (৩৯) ও ইনজামাম-উল-হক (৩৩)। এছাড়া ৯বার সিরিজ সেরাও হয়েছেন। ইমরান খান, ইনজামাম ও ওয়াকার ইউনিসের সঙ্গে যৌথবাবে দ্বিতীয়।