নাটকের নাম ‘কিছুটা সময় ভুল ছিল’। বদরুল আনাম সৌদের নির্দেশনায় এবারই প্রথম নাটকটিতে একসঙ্গে অভিনয় করলেন দর্শকপ্রিয় অভিনেতা নাঈম ও লাক্স তারকাভিনেত্রী নীলাঞ্জনা নীলা।
বদরুল আনাম সৌদ জানান, “এটি একটি প্রেমের গল্পের নাটক। আজ ঈদের ষষ্ঠদিন রাত দশটায় আরটিভিতে নাটকটি প্রচার হবে। আশা করি সবার ভালো লাগবে।”
এতে অভিনয় প্রসঙ্গে নাঈম বলেন, “বদরুল আনাম সৌদ ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম আমি নাটকে অভিনয় করেছি। আমার সহশিল্পী ছিলেন নীলাঞ্জনা নীলা। সৌদ ভাই আমাকে নিয়ে এত চমৎকার একটি গল্পে কাজ করবেন তা ভাবতেও পারিনি। আমি সত্যিই তার গল্পে এবং নির্দেশনায় মুগ্ধ।
নীলাঞ্জনা নীলা তার চরিত্রে যথারীতি ভালো করার চেষ্টা করেছে। একটি কথা না বললেই নয়, সৌদ ভাইয়ের সংলাপ এক কথায় অসাধারণ। ‘কিছুটা সময় ভুল ছিল’ দর্শকের খুব ভালো লাগার মতোই একটি নাটক হয়েছে, যে কারণে এ কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।”
নীলাঞ্জনা নীলা বলেন, “সৌদ ভাইয়ের নির্দেশনায় কাজ করাটা সবসময়ই আমি খুব উপভোগ করি। এবারের ঈদে আমার অভিনীত অন্যতম নাটক হচ্ছে ‘কিছুটা সময় ভুল ছিল’। নাঈম ভাই সহশিল্পী হিসেবে বেশ সহযোগিতা-পরায়ণ। আমাদের দু’জনের আন্তরিক অভিনয়ে সৌদ ভাইয়ের গল্প দর্শকের মন ছুঁয়ে যাবে।”
