আগে নিজে বদলান, তারপর দেশ: ইমরানকে সাবেক স্ত্রী

পাকিস্তানের ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ, এরপর দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। ক্ষমতা গ্রহণের পর বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় এরই মাঝে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। আর এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা সাবেক স্বামীর তীব্র সমালোচনা করলেন রেহাম খান।

ইমরানকে উদ্দেশ্য করে রেহাম বলেছেন, ‘আগে নিজেকে বদলান, তারপর দেশকে বদলাবেন। যা উপদেশ দিতে চান, তা আগে নিজে করে দেখান। আগে নিজে সৎ হোন।’

রেহাম তার সাম্প্রতিক বইয়ে অত্যন্ত কড়া ভাষায় সাবেক স্বামী ইমরানের সমালোচনা করেছেন। সেখানে তিনি ইমরানকে অসংযমী জীবনযাপনে অভ্যস্ত এবং নিয়মিত ড্রাগ সেবনকারী বলে অভিহিত করেছেন।

নির্বাচনের আগে নিজের সম্পর্কে এসব তথ্য প্রকাশে বেশ বেকায়দায় পড়েন ইমরান খান। তবে রেহামের এমন সব দাবির পরও নির্বাচনে জয়লাভ করে ইমরানের দল পিটিআই।

প্রসঙ্গত, ২০১৫ সালে ইমরানের সঙ্গে বিয়ে হয়েছিল রেহাম খানের। কিন্তু, মাত্র ১০ মাস পর সেই বিয়ে ভেঙে যায়।