কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দিয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু করবে দলটি। খালেদা জিয়ার পক্ষে প্রথম মনোনয়নপত্রটি কিনবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। দলের সিদ্ধান্ত অনুযায়ি ফেনী-১ আসন থেকে তিনি নির্বাচন করবেন।
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আমাদের সময়কে বলেন, ‘আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।’

জানা গেছে, খালেদা জিয়ার মনোনয়নপত্র কেনার সময় তার নির্বাচনী এলাকা ফেনী-১ আসনের বিপুল সংখ্যক নেতাকর্মীও উপস্থিত থাকবেন।
এর আগে আজ রোববার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল সোমবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়া যাবে।
পাঁচ হাজার টাকায় কেনা যাবে মনোনয়নপত্র। তবে জমা দেওয়ার সময় ফেরতযোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে। মোট ৩০ হাজার টাকা লাগবে মনোনয়নপত্র কেনা ও জমা দিতে।
