আগামীকাল ওপেনিং করবেন যে ২ জন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিংয়ে পজিশনে খেলার মতো আছেন তিনজন। সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ ৬৪৮ রান করা সাদমান ইসলাম মাত্রই দলে ঢুকলেন। সৌম্য খেলেছেন ১০ টেস্ট। ঘরোয়া ক্রিকেটে ভালো করায় তাকে ব্যাক করেছেন নির্বাচকরা। শেষ টেস্ট সিরিজে ভালো না করলেও টিকে গেছেন ৩৬ টেস্ট খেলা ইমরুল কায়েস।

ওপেনিং জুটিতে অভিজ্ঞতাকে প্রাধান্য দিচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন,‘আমরা চেষ্টা করব যারা একটু অভিজ্ঞ খেলোয়াড় তাদের সুযোগটাই যেন বেশি থাকে। আমি সবসময় বিশ্বাস করি টেস্টে একটু অভিজ্ঞ খেলোয়াড় থাকলে অনেকসুবিধা হয়।’

ইমরুলের ওপর নিজের আস্থার কথা জানান সাকিব,‘ইমরুল ওয়ানডে সিরিজে খুব ভালো খেলেছে, দুইটি টেস্ট ম্যাচে তেমন রান করেনি, ও ওয়ানডেতে ভালো ফর্মে ছিল, আমার মনে হয় ও সুযোগ পেলে ভালো করবে।’

অনুশীলন পর্ব দেখে মনে হচ্ছে ইমরুল ও সৌম্যকেই দেখা যাবে চট্টগ্রামে ইনিংসের শুরুতে। তবে সরাসরি নিজেদের ওপেনিং জুটি নিয়ে মন্তব্য করেননি সাকিব,‘সাদমান প্র্যাকটিস ম্যাচে খুব ভালো করে এসেছে। সৌম্য কামব্যাক করেছে ভালোভাবে। তিনজনেরই খুব ভালো সুযোগ আছে। যারাই টিম সিলেক্ট করবে, আমি হই, কোচ হোক বা নির্বাচকরা, একটু গাট ফিলিংয়ের মধ্যেই সিলেক্ট করতে হবে।’

ইমরুল ও সৌম্য টেস্টে একবার টেস্টে ওপেন করেছেন। তাদের কাঁধেই আবার আস্থা রাখতে যাচ্ছে টিম ম্যানেজম্যান্ট। সেক্ষেত্রে টেস্ট ক্যাপ পেতে আরেকটু সময় অপেক্ষা করতে হচ্ছে সাদমানকে।