আকস্মিকভাবেই গুলির ঘটনা

মুম্বাইয়ের জুহুতে বলিউডের বরেণ্য অভিনেতা শত্রুঘ্ন সিনহার বাসায় গুলির আওয়াজ পাওয়া গেছে। শত্রুঘ্ন সিনহার ফ্ল্যাটটি এই ভবনের অষ্টম তলায়। বাড়িটির নাম ‘রামায়ণ’। শনিবার হঠাৎই এই দুর্ঘটনা ঘটে। পুরো বিষয়টি জানাজানি হয় গতকাল। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বলিউড অভিনেতা হওয়ার পাশাপাশি শত্রুঘ্ন সিনহা বিজেপি সাংসদও বটে। বিহারের পাটনা সাহেব লোকসভা কেন্দ্রের সাংসদ হওয়ার পাশপাশি তিনি সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। তিনি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রী সভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের (২০০৩ জানুয়ারি- ২০০৪ মে) মন্ত্রী ছিলেন। সেকারণেই ২৪ ঘণ্টার তার জুহুর বাড়ির সামনে পুলিশ কনস্টেবল মোতায়েন রাখা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সেই বাসায় কর্তব্যরত পুলিশ কনস্টেবলের সার্ভিস রিভলবার থেকে এই গুলি হয়েছে। আর তা আকস্মিকভাবে ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এরপর সেই পুলিশ কনস্টেবলকে ওই বাসা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।