বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগে আকরাম খান থাকছেন না সেটা নিশ্চিত। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও জাতীয় দলের সাবেক এ অধিনায়কের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে এই বিভাগের জন্য নতুন চেয়ারম্যান বেছে নেওয়ার চেষ্টা করছেন। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকেই উপযুক্ত মনে করা হচ্ছে ক্রিকেট পরিচালনা বিভাগের জন্য।
যদিও জালাল ইউনুসের ইচ্ছে মিডিয়া বিভাগে থেকে যাওয়া। শেষ পর্যন্ত মত বদলে থাকলে বিসিবির নতুন স্থায়ী কমিটিতে আকরামের স্থলাভিষিক্ত হবেন তিনি। এছাড়া অন্যদের কে কোন কমিটির চেয়ারম্যান হলেন সেটা জানা যাবে আজ বোর্ড সভা শেষে। আজ শুক্রবার বিকেল ৩টায় বিসিবি কার্যালয়ে হবে বছরের শেষ সভা।
এদিকে সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, সভায় মূল এজেন্ডা দুটি- স্থায়ী কমিটি গঠন ও প্রস্তাবিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া। এ ছাড়াও নিয়মিত কিছু বিষয় তো থাকেই। জাতীয় নির্বাচক প্যানেল, কোচিং স্টাফ, ক্রিকেটারদের নতুন চুক্তি নিয়েও কথা হতে পারে।
তবে সব ছাপিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে স্থায়ী কমিটি গঠন নিয়ে। বিশেষ করে নতুনরা উন্মুখ হয়ে আছেন কোনো একটি কমিটির চেয়ারম্যান পদ পাওয়ার জন্য। অভিজ্ঞরা অপেক্ষা করছেন ভালো কোনো বিভাগে সুযোগ দেবেন বোর্ড সভাপতি।
