আইপিএল শুরু ২৩ মার্চ, হবে ভারতেই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী আসরের আইপিএল ভারতে হবে বলেও নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের লোকসভা নির্বাচনের জন্য আইপিএল দেশটির বাইরে চলে যেতে পারে এমন কথা উঠেছিল।

এর আগে ২০০৯ সালে দেশটির লোকসভা নির্বাচনের জন্য আইপিএল সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নেওয়া হয়। এবারও তেমন কিছু হতে পারে বলে গুঞ্জন চলে। কারণ লোকসভা নির্বাচনের মধ্যে পড়ছে আইপিএল। এছাড়া ২০১৪ সালে আইপিএলের একটা পর্ব সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। তবে শেষ পর্যন্ত ২০১৯ সালের আইপিএল ভারতে হবে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড ২৩ মার্চকে আইপিএল শুরুর সম্ভব্য দিন নির্ধারণ করেছে। তবে ম্যাচের ফিকশ্চার এখনও দেওয়া হয়নি। এছাড়া লোকসভা নির্বাচনের সঙ্গে সাংঘর্ষিক না হয় এমনভাবে সূচি তৈরি করা হবে বলেও জানানো হয়েছে। এছাড়া শুরুর তারিখ নির্ধারণ করা হলেও ফাইনাল কবে হবে তাও জানানো হবে পরে।

আইপিএলের ঘোষিত সূচি অনুযায়ী, এবার এগিয়ে এসেছে ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টি-২০ টুর্নামেন্টের সূচি। এর আগের আসরগুলো সাধারণত এপ্রিলে মাঠে গড়িয়েছে। তবে ২০১০ সালের আসর বসেছিল মার্চে। চলতি বছর ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে এগিয়ে আনা হয়েছে আইপিএল। এপ্রিলে আইপিএল শুরু হলে শেষ হতো মে মাসের শেষ নাগাদ। কিন্তু ইংল্যান্ড বিশ্বকাপ যে শুরু হবে ৩০ মে। তাই ১৫ দিনের বিরতির কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সূত্র: সমকাল