আইপিএলে দল না পাওয়ায় যা লিখল ভারতের জনপ্রিয় পত্রিকা এবেলা । ওয়ার্ল্ড স্পোর্টস ২৪ এর পাঠকদের হুবহু সেটা তুলে ধরা হল-ঃ অনেক আশা নিয়ে আইপিএল-এ খেলতে চেয়েছিলেন।
তবে আশাহত হতে হল বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে। তিনি দলই পেলেন না।আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজিতে ২০জন বিদেশি ক্রিকেটারের স্লট ফাঁকা ছিল। জয়পুরে মঙ্গলবারের নিলামে মুশফিকুর রহিমকে নিল না কোনও দলই। মুশফিকুর রহিমের নাম ঘোষণার পর কোনও দলই আগ্রহ দেখাননি কেনার জন্য।
বাংলাদেশ থেকে এবার আইপিএল নিলামে অংশ নেওয়া ক্রিকেটারের সংখ্যা ছিল দু’জন— মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। দু’জনেরই বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তবে মুশফিকুর রহিম দল পেলেন না। ইংল্যান্ডের স্যাম কুরানকে ৭.২ কোটি টাকায় কিংস ইলেভেন প্রথমে কেনে। তারপরে লুক রনচি এবার আনসোল্ড থাকেন।

তারপরেই মুশফিকুর রহিমের নাম ওঠে। তাঁকে কিনতে কোনও ফ্র্যাঞ্চাইজি-ই দর হাঁকেনি। ফলে তিনি অবিক্রীত থাকেন। এর আগে ২০১৬ আইপিএল নিলামেও অংশ নিয়েছিলেন বাংলাদেশের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। সেবারেও তাঁকে কেনেনি কোনও দল।
মাহমুদউল্লাহ অবশ্য এখনও নিলামের দাঁড়িপাল্লায় চড়েননি। আগামীকাল বুধবার তিনি উঠবেন নিলামে। তিনি দল পান কিনা, সেটাই আপাতত দেখার।
