আইপিএল খেলতে দেশ ছাড়ছেন সাকিব

পূর্বনির্ধারিত সূচিতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিল) খেলতে ভারতে যাবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী রবিবার (২৮ মার্চ) কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন সাকিব।

এর আগে গত ২০ মার্চ এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে সাকিবের অনাপত্তিপত্র বিষয়ক যে জটিলতা কিংবা সংশয়ের তৈরি হয়েছিল, এখন নিয়ে কোনও ধোঁয়াশা আর নেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সাকিবকে আইপিএল খেলতে বাধা দেয়া হবে না- জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এমনটিই জানিয়েছে।

গত ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হওয়ার পর সপ্তাহখানেকের মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন সাকিব। গত সোমবার (২২ মার্চ) মধ্যরাতে দেশে ফিরেন সাকিব। বুধবার (২৪ মার্চ) সকালে তাকে দেখা যায় মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে। সেখানে হালকা ওয়ার্ম আপ ও ব্যাটিং প্র্যাকটিস করে ইনডোরে চলে যান।

সাকিবের আইপিএল খেলা নিয়ে ক্রিকবাজকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘সাকিবের অনাপত্তিপত্রের বিষয়টি আগের মতোই থাকবে এবং সে আইপিএলে অংশ নিতে পারবে।’

তিনি জানান, তবে সাকিব নিজে থেকে আসন্ন শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে সেক্ষেত্রে অনাপত্তিপত্রের বিষয়ে নতুন করে ভাবতো ক্রিকেট বোর্ড। যেহেতু সেটি হচ্ছে না, তাই ২৮ মার্চই কলকাতায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। ৭ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষে অনুশীলনে নামতে পারবেন তিনি।