ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের সূচি নিশ্চিত করেছে আসরটির কর্তৃপক্ষ। আগামী বছরের ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এই নিলাম। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে আনুষ্ঠানিক যোগাযোগ করা না গেলেও শীর্ষস্থানীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ নিশ্চিত করেছে, আইপিএল অফিসিয়ালরা বৃহস্পতিবার প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে ডেকেছে। সেখানেই জানানো হয়েছে নিলামের তারিখ।
টুর্নামেন্টের নতুন দুই দল নিজেদের তিনজন খেলোয়াড় বাছাই করে নেওয়ার পর জানুয়ারির মাঝামাঝি সময়ে চূড়ান্ত ঘোষণা করা হবে নিলামের খেলোয়াড় তালিকা। প্রাথমিকভাবে নতুন দুই আহমেদাবাদ ও লখনৌয়ের জন্য তিনজন খেলোয়াড় বাছাই করে নেওয়ার শেষ সময় ছিল ২৫ ডিসেম্বর। তবে এটি একপ্রকার নিশ্চিত যে এ সময়টি পিছিয়ে যাবে। কারণ এখনও পর্যন্ত আহমেদাবাদের মালিকানা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই।
বিসিসিআই আন্তর্জাতিক বোর্ড ও অঙ্গরাজ্যের সংস্থাগুলোকে নিলামের জন্য ১৭ জানুয়ারির মধ্যে খেলোয়াড়দের নাম পাঠাতে লিখিত নির্দেশনা দিয়েছে। দশম আসরে হতে যাওয়া আইপিএলে ১ হাজারেরও বেশি খেলোয়াড় অংশ নিতে যাচ্ছে, নিলামে ২০০ থেকে ২৫০ জনের মতো খেলোয়াড়ের নাম উঠতে যাচ্ছে বলে ধারণা। আগের আটটি দল এরই মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। নতুন করে দল সাজানোর জন্য ফেব্রুয়ারিতে তারা নিলামে যোগ দেবে। পুরাতন ফ্র্যাঞ্চাইজিগুলোর মতো নতুন দুই ফ্র্যাঞ্চাইজির জন্যও ক্রিকেটার কেনার পেছনে ব্যয়ের সীমা ৯০ কোটি রুপি। নিলামের আগে তিন জন দলে নেওয়ার পর জানা যাবে নতুন দুই দলের অবশিষ্ট আছে কত অর্থ।
