আইপিএলের সুবাদে ভারতীয় ক্রিকেটের মানচিত্রে নাম লিখোলেন মুহাম্মদ সিরাজ। আর মাঠে গড়ছেন একের পর এক অনন্য কৃতিত্ব। জাতীয় দলের হয়ে এক ইনিংসে একাই নিলেন আট উইকেট। প্রথম শ্রেনির ক্রিকেটে ক্যারিয়ারের সেরা বোলিং করে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে একাই উড়িয়ে দিলেন সিরাজ।
আইপিএলের পর জাতীয় ‘এ’ দলের হয়ে লিস্ট-এ ও ফার্স্ট ক্লাস মিলিয়ে এই নিয়ে সাতটি ম্যাচে মাঠে নামলেন তিনি। রোববার চিন্নাস্বামীর দুরন্ত বোলিংসহ সাত ম্যাচে সিরাজ তুলে নিয়েছেন ৪১টি উইকেট। এই নিয়ে ইনিংসে পাঁচ উইকেট তিনবার। ইন্ডিয়া ‘বি’ দলের বিরুদ্ধে একটি মাত্র ওয়ানডে ম্যাচে উইকেটহীন থেকেছেন সিরাজ। বাকি সব ম্যাচের প্রতিটা ইনিংসে নূন্যতম চারটি উইকেট নিয়েছেন তিনি।
বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে চার দিনের প্রথম বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে ৫৯ রানের বিনিময়ে ৮ উইকেট নেন সিরাজ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২৪৩ রানে আউট হয়ে যায়।
ইনিংসের গোড়াপত্তন করতে নেমে উসমান খোওয়াজ দুরন্ত শতরান করেন। ১২৭ রান করে সিরাজের বলেই আউট হন তিনি। ২২৮ বলের ইনিংসে ২০টি বাউন্ডারি মারেন খোওয়াজ। এছাড়া ছ’নম্বরে ব্যাট করতে নেমে মার্নাস ৬০ রান করে আউট হন। বাকিদের মধ্যে দু’অঙ্কের রান বলতে প্যাটারসনের ৩১ ও হল্যান্ডের ১২।
খাতা খুলতে পারেননি অধিনায়ক মিচেল মার্শ। শূন্য রানে আউট হয়েছেন পিটার হ্যান্ডসকম্ব, মিচেল নেসের, ক্রিস ট্রিমেন ও ব্রেন্ডন ডগেটও। ট্রেভিস হেড ও অ্যালেক্স ক্যারি ৪ রান করে যোগদান রেখেছেন দলের ইনিংসে।
সিরাজের আট উইকেট ছাড়া অস্ট্রেলিার অপর দুই ব্যাটসম্যানকে ফেরত পাঠিয়েছেন কুলদীপ যাদব। পাল্টা ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসে বিনা উইকেটে ৪১ রান তুলেছে। মায়াঙ্কা আগরওয়াল ৩১ ও আর সামর্থ ১০ রানে অপরাজিত রয়েছেন।
