অর্জুন-জানভিদের নিয়ে একসঙ্গে থাকতে চান বনি

বলিউড নির্মাতা বনি কাপুর। ব্যক্তি জীবনে দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মনা কাপুর ও শ্রীদেবীর সঙ্গে দাম্পত্য জীবনে তার রয়েছে চার সন্তান-অর্জুন, আনশুলা, জানভি ও খুশি কাপুর।

তবে শ্রীদেবীর জীবদ্দশায় অর্জুন ও আনশুলার সঙ্গে এক প্রকার দূরত্ব ছিল বনি কাপুরের। এমনকি মা মনা সৌরি কাপুরের মৃত্যুর পরও আলাদা বাড়িতে থাকেন অর্জুন-আনশুলা। একসঙ্গে থাকতেন শ্রীদেবী, বনি, জানভি ও খুশি। কিন্তু শ্রীদেবীর মৃত্যুর পর এখন চার সন্তান নিয়ে একসঙ্গে থাকার পরিকল্পনা করেছেন বনি কাপুর। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘চরম চাপের মুহূর্তে (শ্রদেবীর মৃত্যু) যখন তার চার সন্তানকে একসঙ্গে দেখেন তখন থেকেই সন্তানদের নিয়ে একসঙ্গে থাকার পরিকল্পনা করেছেন বনি কাপুর। কিন্তু সমস্যা হলো কোন বাড়িতে তারা থাকবেন। অর্জুন-আনশুলা বর্তমানে যে বাড়িতে থাকেন, যেখানে তারা তাদের মা মনা কাপুরের সঙ্গে থেকেছেন। নাকি যেখানে জানভি-খুশিকে নিয়ে বনি কাপুর থাকেন।’

১৯৮৩ সালে মোনা সৌরিকে বিয়ে করেন বনি কাপুর। তাদের দুই সন্তান অর্জুন কাপুর এবং আনশুলাকে নিয়ে বেশ ভালোই কাটছিল বনি-মোনার জীবন। কিন্তু, বনির জীবনে হাজির হন শ্রীদেবী। মিস্টার ইন্ডিয়া সিনেমার সময় থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং তা পরিণতির দিকে এগোতে থাকে।

এদিকে বনি কাপুরের সঙ্গে বিচ্ছেদে একেবারেই রাজি ছিলেন না মোনা সৌরি কাপুর। তারপরও শ্রীদেবীকে বিয়ে করেন বনি। এরপর বনি-শ্রীদেবীর প্রথম সন্তান জানভির জন্ম হয়। দুই সন্তান নিয়ে অনিশ্চয়তায় ভুগতে শুরু করেন মনা। কিন্তু সম্পর্কের বাঁধন নেই বলেই বনি কাপুরের সঙ্গে বিচ্ছেদে রাজি হয়ে যান মোনা কাপুর।

মোনার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গেও বনি কাপুর এবং শ্রীদেবীর সম্পর্কের অবনতি হতে শুরু করে। এমনকি, জানভি-খুশি কাপুরকেও কখনো বোন হিসেবে মেনে নিতে পারেননি অর্জুন। এক সাক্ষাৎকারে শ্রীদেবী এবং বনি কাপুরের সঙ্গে সম্পর্ক কেমন বলে জিজ্ঞাসা করা হলে অর্জুন বলেছিলেন, ‘শ্রীদেবীর সঙ্গে আমার সম্পর্ক কখনো ভালো হতে পারে না। তিনি শুধু আমার বাবার স্ত্রী। এর বাইরে আর কিছু না।’

যদিও শ্রীদেবীর মৃত্যুর খবর পাওয়ার পর সমস্ত দূরত্ব ঘুচে যায়। সকল দূরত্ব ভুলে জানভি, খুশি ও বনি কাপুরের পাশে দাঁড়ান অর্জুন।