অভিনয়কে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে তমালিকা

শোবিজ জগত ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন এমন অভিনেতা-অভিনেত্রীদের সংখ্যা নেহাতই কম নয়। কেউ কাজের উদ্দেশ্য, কেউ পড়াশুনার উদ্দেশ্যে, কেউ আবার অভিনয়কে বিদায় জানিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য বিদেশে পাড়ি জমান। সেক্ষেত্রে অবশ্য বিশ্বের শক্তিধর ও সমৃদ্ধশালী দেশ আমেরিকাকেই বেছে নেন তারা।

বাংলাদেশের বেশ কয়েকজন শোবিজ তারকা এখন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকারও। মঞ্চ ও টেলিভিশন নাটকের এই জনপ্রিয় অভিনেত্রী গত রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সেখানে স্থায়ী হওয়ার উদ্দেশ্যেই তার এই যাত্রা। দীর্ঘদিন ধরেই টেলিভিশন নাটকে খুব একটা নিয়মিত ছিলেন না তমালিকা। গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনয়কে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন এ অভিনেত্রী।

ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি মঞ্চ কিংবা চলচ্চিত্রে অভিনয় করেও আলোচিত হন তিনি। ‘অন্যজীবন’ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। তমালিকা অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো ‘এই ঘর এই সংসার’, ‘কিত্তনখোলা’, ও ‘ঘেটুপুত্র কমলা’।

২০০২ সালে ‘কিত্তনখোলা’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।