অভিনেত্রীকে রাত কাটানোর প্রস্তাব দিয়ে গ্রেফতার সালমান!

বছরখানেক ধরে ‘মি’ টু ঝড়ে বেসামাল বলিউড। অনেক অভিনেত্রীই মুখ খুলেছেন তাদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্থা নিয়ে।

এবার সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছেন এক নৃত্যশিল্পী। তিনি অভিযোগ করেছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সালমান ইউসুফ খানের বিরুদ্ধে।

গত ৩০ জানুয়ারি মুম্বাইয়ের ওশিয়ারা থানায় তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন নৃত্যশিল্পী। এরপর পুরো বিষয়টি খতিয়ে দেখে রোববার (৩ ফেব্রুয়ারি) সালমানকে গ্রেফতার করে পুলিশ।

ওই অভিনেত্রী অভিযোগ করে বলেন, তিনি সালমানের আচরণের প্রতিবাদ করলে সালমান তাকে বলেছিলেন এ ধরনের ঘটনা বলিউডে ঘটেই থাকে। এফআইআরে আরও বলা হয়েছে, সালমানের ম্যানেজার ওই নৃত্যশিল্পী ও তার ট্রুপকে দুবাইতে পারফর্ম করার জন্য গতবছর ২০ আগস্ট ফোন করেন।

দুবাই বিমানবন্দরে সালমান ওই নৃত্যশিল্পীকে তার খুড়তুতো ভাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দেন। এবার গাড়িতে দুবাই ফেরার পথে ফের তাকে খারাপভাবে স্পর্শ করা হয় বলে অভিযোগ নৃত্যশিল্পীর। দুবাই থেকে ফিরেই তিনি অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিলে তাকে ও তার ট্রুপের বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

পুলিশ সূত্রের জানা যায়, ওই নৃত্যশিল্পী সালমানের সঙ্গে আলাপ হয় ওশিয়ারার একটি কফি শপে। সেখানেই তাকে দুবাইতে একটি অনুষ্ঠানে তার সঙ্গে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়। এরপর কফি শপ থেকে সালমান তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যান। গাড়ির মধ্যেই তাকে আপত্তিকরভাবে স্পর্শ করা হয়।

প্রসঙ্গত, শ্লীলতাহানির অভিযোগে ধৃত সালমান ইউসুফ খান ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ শোয়ের চ্যাম্পিয়ন ছিলেন।

এই মুহূর্তে তিনি বলিউডের সফল কোরিওগ্রাফার।