অবশেষে রাজধানীর সড়কগুলোতে সেনাবাহিনী

এক দশকেরও বেশি সময় পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রতীক্ষায় দেশবাসী। ভোটারদের চাওয়া প্রচার-প্রচারণা অসম হলেও এবারের ভোটটা যেন সুষ্ঠু হয়। তবে ভোট সুষ্ঠু হবে নাকি তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।

এদিকে একাদশ সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে বসেছে সেনাবাহিনীর চেকপোস্ট।

শুক্রবার বাংলামোটরে সেনাবাহিনীর চেকপোস্ট বসেছে। সকালে দশটা থেকে এ চেক পোস্ট বসানো হয়েছে।

সেনাবাহিনীর এক প্ল্যাটন (৩৫ জন) সদস্য সকাল থেকে বাংলামোটরে অবস্থান নিয়েছে। এ সময় ফার্মগেট টু শাহবাগ রোডের প্রতিটি গাড়ির লাইসেন্স চেক করছে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন।

এবারের সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলই অংশ নিচ্ছে। দীর্ঘ ১০ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে রাজনীতিতে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি। তারা উভয়ই জোটবদ্ধভাবে ভোটে অংশ নিয়েছে।

একক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) সবচেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। দেশের ৩০০ আসনের মধ্যে দলটির ২৯২ জন প্রার্থী রয়েছেন বলে জানা গেছে।

প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৮০০-র বেশি প্রার্থী। এর মধ্যে ৫০ জনের মতো রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের।