সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে নাসুম সুনামগঞ্জ জেলা দলে আজীবন নিষিদ্ধ- এমন খবরে। যদিও নাসুমের দাবি, তিনি কখনও সুনামগঞ্জ জেলা দলের হয়ে খেলেননি এবং খেলার সুযোগও ছিল না। কারণ ততদিনে নিজ জেলা সিলেটের দলে থিতু হয়ে গেছেন তিনি।
এদিকে বিতর্কের অবসান ঘটিয়ে নাসুম বলেন, “আমার জন্ম, বড় হওয়া, পড়ালেখা কিংবা ক্রিকেট খেলা, সবকিছুই সিলেটে। আমার বাবার জন্মও সিলেটে। একসময় আমার দাদাবাড়ি সুনামগঞ্জ জেলায় ছিল।
কিন্তু আমার দাদা ১৯৫৮ সালে সিলেটে স্থায়ীভাবে চলে আসেন। ছোটবেলা সুনামগঞ্জে একবার গিয়েছিলাম এবং রাস্তাঘাটও ঠিকভাবে চিনি না ওখানকার। পরবর্তীতে ওখানকার একটা টুর্নামেন্টে একবার ‘খ্যাপ’ খেলতে গিয়েছিলাম।”
সিলেট জেলা ও বিভাগীয় দলে খেলে জাতীয় দলে উঠে আসা নাসুম আরও বলেন, “সম্প্রতি বিভিন্ন সংবাদে হয়তো অনেকে বিভ্রান্ত হয়েছেন আমি আমার জেলা দলে নিষিদ্ধ। কিন্তু আমি যে জেলার হয়ে কখনও খেলিনি তারা আমাকে কীভাবে নিষিদ্ধ করে?”
এ সময় তিনি আরও বলেন, “২০০৫ সালে ১১ বছর বয়সে আমি পেশাগতভাবে ক্রিকেট শুরু করি এবং ঐ বছর জেলা ক্রিকেটে সুনামগঞ্জের কোনো দলই ছিল না। তখন থেকে সবসময়ই সিলেটের হয়ে খেলেছি। সিলেট লিগে খেলেছি ২০০৬ সাল থেকে। সিলেট জেলা দলে খেলেছি ৩ বছর, আর বিভাগীয় দলে ২০১০ সাল থেকে।”
