স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। কোনো কোনো খেলোয়ার দুর্দান্ত খেললেও ওভারঅল টাইগারদের পারফরমেন্স নিয়ে বিভিন্ন মহলে চলছে সমালোচনা। এরই পরিপ্রেক্ষিতে প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থ মিশন শেষে রোববার দেশে ফেরেন টাইগাররা। ঢাকায় পা রাখার একদিন পরই রোডসকে বরখাস্ত করে বিসিবি। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের ভাগ্যও ঝুলে আছে। যতদূর জানা গেছে, তার সঙ্গেও চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এছাড়া বর্তমান কোচিং স্টাফের অন্য সদস্যদেরও ক্ষেত্রেও একই সিদ্ধান্ত আসতে পারে।
প্রধান কোচকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, কোচের সঙ্গে কথা বলে ‘সমঝোতার’ ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোডসকে বাদ দেয়া নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, লন্ডনে উপস্থিত বিসিবি সদস্যরা এক বৈঠকে বিশ্বকাপে দলের পারফরম্যান্স পর্যালোচনা করেন। তাতে রোডসের গেম প্ল্যান এবং ম্যাচ চলাকালে খেলোয়াড়দের সঙ্গে ‘কমিউনিকেশন’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
সার্বিক বিবেচনায়, ইংল্যান্ডেই রোডসকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়। দেশে ফিরে শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বৈঠক করে রোডস ও ওয়ালশকে সিদ্ধান্ত জানিয়ে দেন।
