অন্য এক ইমরান

চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। বর্তমানে তিনি রয়েছেন ভারতে। সেখানে বেশ কিছু নতুন কাজের ব্যাপারে আলোচনা করতে গিয়েছেন তিনি। পাশাপাশি অংশ নেওয়ার কথা রয়েছে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে। এদিকে আসছে ঈদে নতুন চমক নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হবেন এ শিল্পী। গত ঈদে তার গাওয়া ‘ইশ’ শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
এর ভিডিওতে তার অভিনয়ও নজর কাড়ে সবার। এবার কোরবানির ঈদেও নতুন গানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইমরানের। এর মধ্যে বেশ কিছু অডিও গান প্রকাশ হবে এ শিল্পীর। তবে একটিমাত্র ভিডিও নিয়ে এবার হাজির হবেন তিনি। গানচীল মিউজিকের ব্যানারে তার এ গানটি প্রকাশ হবে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজে। এ ব্যাপারে এ শিল্পী বলেন, আসলে ঈদ মানেই হলো নতুন গান। আর আমার ভক্ত-শ্রোতারা উৎসবগুলোতে অপেক্ষা করেন আমার গানের জন্য। তাদের জন্যই এবার ভিন্নধর্মী কিছু নিয়ে হাজির হবো। বেশ কিছু অডিও গানের পাশাপাশি একটি মিউজিক ভিডিও থাকবে আমার। আর সেটা গানচীলের ব্যানারে প্রকাশ করবো। এরইমধ্যে সব কিছু পাকাপাকি হয়ে গেছে। আমি ভারতে এসেছি এর ভিডিওর শুটিং করতে। এবারের ভিডিওতেও নানা চমক থাকবে। এতে অন্য এক ইমরানকে আবিষ্কার করতে পারবেন সবাই। সেটা এখনই প্রকাশ করতে চাই না। কাজ শেষ হলেই সেটার ঘোষণা দেবো। এদিকে ইমরান বর্তমানে সিনেমার গান নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। গত দু’মাসে কয়েকটি নতুন ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন ইমরান। সব মিলিয়ে প্লেব্যাক, অডিও, স্টেজ, লাইভ নিয়ে এখন সরব ইমরান।