অনেক স্বপ্ন নিয়ে বিশ্বকাপ যাত্রা করা বাংলাদেশ শুরুটা করতে পেরেছে পরিকল্পনামাফিক।
ভিন দেশের কিছু কিছু সংবাদমাধ্যম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের জয়কে অঘটন বলে উল্লেখ করলেও তা মানতে নারাজ ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা।
তার মতে যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে বাংলাদেশ।
ভারতের বিভিন্ন পত্রিকা, স্যাটেলাইট চ্যানেল, এমনকি ইংল্যান্ডের দ্য গার্ডিয়ানের খ্যাতিমান সংবাদমাধ্যমও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়কে অঘটন বলেছে।
ভারতীয় ব্যাটসম্যান রবিন উথাপ্পা অবশ্য বাংলাদেশের জয়কে অঘটন বলে মনে করছেন না। গত কয়েক বছর ধরেই ধারাবাহিক ক্রিকেড় খেলা বাংলাদেশের জন্য কালকের জয় অঘটন বা ঐতিহাসিক মানতে নারাজ তিনি। বলেছেন, যোগ্যতা দিয়েই বাংলাদেশ জয় তুলে নিয়েছে।
উথাপ্পার চোখে এশিয়া মহাদেশে ভারতের পরেই বাংলাদেশ দ্বিতীয় শক্তিশালী ক্রিকেট দল। তার ভাষায়, ‘এশিয়ার সব দলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার মনে হয় ভারতের পরে বাংলাদেশই এশিয়ার দ্বিতীয় সেরা দল। তারা সেই সম্মান পাওয়ার যোগ্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়কে এখন আর ওভাবে ঐতিহাসিক জয় ঠিক নয়। তারা এখন বেশ শক্তিশালী দল।’
বাংলাদেশের এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে উথাপ্পা ‘অভিজ্ঞতাকে’ দেখেন। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজা এবার ৪র্থ বিশ্বকাপ খেলছে। মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন ৩য় এবং সৌম্য সরকার ও সাব্বির রহমান ২য় বিশ্বকাপ খেলছেন। বিশ্বমঞ্চে আগেও খেলার অভিজ্ঞতা থাকায় বাংলাদেশ দলকে বেশ এগিয়ে রাখছেন তিনি।
বাংলাদেশকে বিশ্বকাপের দ্বাদশ আসরের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন এই ভারতীয় ক্রিকেটার। তার মতে বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি, ‘গত এক-দেড় বছর ধরে তারা ধারাবাহিক ভালো ক্রিকেট খেলছে। তাদের দলের বেশ কয়েক ক্রিকেটারের পূর্বেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে। এটাও তাদের সাফল্যের অন্যতম কারণ। এই দুর্দান্ত শুরুটা ধরে রাখাটাই এবার তাদের জন্য চ্যালেঞ্জ। আমি কোনো পক্ষপাতিত্ব করে বলছি না, আসলেই বাংলাদেশ এবারের আসরে শক্তিশালী এক প্রতিপক্ষ হিসেবেই এসেছে।’
